ব্যুরো নিউজ ,৫ মে: মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ৭৮ বছরের এক বৃদ্ধাকে প্রতারনার চেষ্টার অভিযোগে এক ভারতীয় ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছাত্রের নাম কিষান কুমার সিং, বয়স ২১ বছর। তিনি স্টুডেন্ট ভিসায় মার্কিন মুলুকে বাস করছিলেন।
পুলিশ নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিচ্ছে
গিলফোর্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, কিষান নিজেকে ওই বৃদ্ধার কাছে সরকারি এজেন্ট বলে পরিচয় দেন। তিনি অভিযোগ করেন, বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। সেই অজুহাতে বৃদ্ধাকে ব্যাঙ্ক থেকে বিপুল টাকা তুলতে জোর করা হয়।
দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’
যখন কিষান কুমার সেই টাকার প্যাকেট নিতে সরকারি অফিসার সেজে বৃদ্ধার বাড়িতে পৌঁছন, তখনই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।
এই মুহূর্তে কিষান কুমার সিং গিলফোর্ড কাউন্টি ডিটেনশন সেন্টার-এ রয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা, ভুয়ো পরিচয় ব্যবহার এবং সম্পত্তি হাতানোর চেষ্টার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি ১ মিলিয়ন ডলারের বন্ডে জেলে রয়েছেন।
জানা গিয়েছে, ২০২৪ সাল থেকে কিষান কুমার সিং সিনসিনাটির কাছে স্টুডেন্ট ভিসায় বসবাস করছিলেন। পড়াশোনার নাম করে এসে এখন তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
ইতিহাসে প্রথম! কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সরে দাঁড়ালেন জনস্বার্থ মামলার শুনানি থেকে
গিলফোর্ড কাউন্টি শেরিফ অফিস তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছেন, সম্প্রতি এই ধরনের প্রতারণা বাড়ছে। প্রতারকরা প্রবীণদের নিশানা করছে। তাঁরা নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার অফিসার বলে দাবি করে টাকা দাবি করছে।
পুলিশ আরও বলেছে, ‘‘আমরা কখনও আপনাকে ফোন করে টাকা চাইব না। এই ধরনের ফাঁদে পা দেবেন না। নিজেকে এবং প্রিয়জনদের এই বিষয়ে সচেতন করুন।’’
এখানেই শেষ নয়। শুধু কিষান নন, গত মাসেও মার্কিন মুলুকে এমনই প্রতারণার অভিযোগ উঠেছে আরও দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। ২৮ এপ্রিল এল পাসো কাউন্টির পুলিশ জানায়, দু’জন ভারতীয় ছাত্র মাহাম্মাদিলহাম ভাহোরা (২৪) এবং হাজিয়ালি ভাহোরা নিজেদের সরকারি এজেন্ট বলে দাবি করে এক প্রবীণ ব্যক্তিকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন।
তাদের বিরুদ্ধেও চুরি ও প্রতারণার মামলা দায়ের হয়েছে। আমেরিকায় স্টুডেন্ট ভিসায় আসা ভারতীয় যুবকদের এই ঘটনায় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
এই সব ঘটনার প্রেক্ষিতে মার্কিন পুলিশ নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিচ্ছে। বিশেষ করে বয়স্কদের লক্ষ্য করে হওয়া প্রতারণা বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।


















