ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফলে চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। সর্বমোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে সে, যা শতাংশের নিরিখে ৯৯.২। এই অসাধারণ ফল করে আদৃত ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই মেধা তালিকায় প্রথম স্থানাধিকারী আদৃতের সঙ্গে টেলিফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আরও বড়ো হও। পশ্চিমবঙ্গের মানুষ তোমার পাশে আছে। বড়ো হয়ে রাজ্য ও দেশের জন্য কাজ করো। সমাজের জন্য কাজ করো। রাষ্ট্রবাদের জন্য কাজ করো।” আদৃতের বাবা জীবনকৃষ্ণ পাল আইএসআই-এর অধ্যাপক এবং মা ফাল্গুনি পাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষিকা। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গেও কথা বলেন।
সূত্রের খবর, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য জীবনকৃষ্ণবাবু মুখ্যমন্ত্রীকে আবেদন জানান। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পাশের হার ৯১.২৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯১.২৩ শতাংশ, যা ছাত্রদের থেকে বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা (৯৪.১৯ শতাংশ), এরপরই রয়েছে হাওড়া (৯৩.৮৪ শতাংশ)। মেধাতালিকায় প্রথম দশে মোট ৬৪ জন স্থান পেয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন ছাত্র প্রথম দশে জায়গা করে নিয়েছে।










