ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠকে গৃহীত এক যুগান্তকারী সিদ্ধান্তে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত এলাকায় স্বস্তির আবহ তৈরি হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিন ধরে স্বরূপনগর সীমান্তের প্রায় ১৪.৫ কিলোমিটার অংশ কাঁটাতারবিহীন থাকায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ছিল। হাকিমপুর, বিথারি, নিত্যানন্দকাটি সহ একাধিক গ্রাম সরাসরি সীমান্তঘেঁষা। অভিযোগ, কাঁটাতার না থাকায় এই অংশ দিয়ে সোনা, মাদক, ফেনসিডিল ও ইলেকট্রনিক সামগ্রী পাচার সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ অবাধে চলত। এমনকি সীমান্তরক্ষী বাহিনীর উপর হামলার ঘটনাও একাধিকবার ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নতুন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার পরিবেশ তৈরি হয়েছে।
অধ্যাপক সুজয় নন্দী বলেন, “অনুপ্রবেশ ও চোরাচালান শুধু নিরাপত্তার সমস্যা নয়, এটি সামাজিক সমস্যাও তৈরি করছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।” স্থানীয় গ্রামবাসী রঞ্জন মণ্ডল ও বুদ্ধদেব রায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্ত সুরক্ষা অত্যন্ত জরুরি। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন।”
প্রশাসনের সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার প্রায় ৫০ কিলোমিটারের বেশি সীমান্ত এখনও অরক্ষিত। বিএসএফ জমি অধিগ্রহণের পরিকল্পনা করেছে। বসিরহাটের পানিতর এলাকা ও ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা সংলগ্ন অঞ্চলে বহু ভারতীয় চাষির জমি রয়েছে। চাষিরাও দ্রুত কাঁটাতার বসানোর দাবি জানিয়েছেন, যাতে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী হলে অনুপ্রবেশ ও পাচারের ঝুঁকি কমে এবং তাঁরা নিশ্চিন্তে চাষাবাদ করতে পারেন। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর হলে কাঁটাতার বসানোর কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্ত কত দ্রুত কার্যকর হয়, সেদিকেই এখন প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের নজর।










