ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এই আবহেই মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে তিনি দাবি করেন, বহু আসনে গণনা কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ফল প্রভাবিত করা হয়েছে। তাঁর কথায়, “এই রায় মানুষের রায় নয়। মানুষ যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু বহু আসনে গণনা কেন্দ্রে লুঠ হয়েছে।” এই বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে তিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। অভিষেক সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, “ওরা লুঠপাট করে ক্ষমতায় এসেছে। তাই মানুষের শক্তিকে ভয় পাচ্ছে।” তাঁর অভিযোগ, সেই কারণেই বিভিন্ন জায়গায় ভাঙচুর, পার্টি অফিস দখল এবং হামলার ঘটনা ঘটছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, প্রায় ১০০টি আসনে গণনা কেন্দ্র দখল করে ফল প্রভাবিত করা হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক, অভিযোগ করেন আধা সামরিক বাহিনীকে ব্যবহার করে গণনার সময় প্রভাব খাটানো হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি পরোক্ষভাবে প্রশ্ন তোলেন। এদিনের বক্তব্যে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন তিনি, কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “সিঙ্গুর আন্দোলনের সময়ও চারদিকে বারুদের গন্ধ ছিল। তখনও আমরা হার মানিনি। এখনও পরিস্থিতি আলাদা নয়। এটা এক ধরনের অগ্নিপরীক্ষা।”
অন্যদিকে, একই দিনে কলকাতা হাইকোর্টে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতি এবং বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলায় তিনি সওয়াল করেন। হাইকোর্ট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘চোর চোর’ স্লোগান ওঠার অভিযোগও ওঠে, যা রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং রাজ্য রাজনীতিতে বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।










