ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ শুক্রবার সকালে আমজনতার জন্য দুঃসংবাদ নিয়ে এল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। দীর্ঘ প্রতীক্ষার পর একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। বিশেষ করে কলকাতার বাসিন্দাদের জন্য এই মূল্যবৃদ্ধি বড় ধাক্কা, কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের সঙ্গে পাল্লা দিয়ে এবার জ্বালানি তেলও মহার্ঘ হল।
জানা গিয়েছে, আজ ১৫ই মে, ২০২৬ তারিখ থেকে নতুন দর কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়ে ১০৮.৭৪ টাকা হয়েছে, এবং ডিজেলের দাম হয়েছে ৯৫.১৩ টাকা। দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও জ্বালানির দামে পরিবর্তন এসেছে। দিল্লিতে পেট্রোল ৯৭.৭৭ টাকা ও ডিজেল ৯০.৬৭ টাকা, মুম্বাইয়ে পেট্রোল ১০৬.৬৮ টাকা ও ডিজেল ৯৩.১৪ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোল ১০৩.৬৭ টাকা ও ডিজেল ৯৫.২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় চার বছর পর খুচরা তেলের দামে এই সংশোধন ঘটল।
এর আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশেষত ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাতের কারণে, এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। তেল সংস্থাগুলি বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছিল বলেও জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের পকেটে চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।










