ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ লিওনেল মেসির দুরন্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (MLS) এক রুদ্ধশ্বাস ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারাল ইন্টার মায়ামি । ৩৮ বছর বয়সেও যে তিনি একা হাতে খেলার গতিপথ বদলে দিতে পারেন, সিনসিনাটির বিরুদ্ধে সেটাই প্রমাণ করলেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর জোড়া গোল এবং আরও দুটি গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা মায়ামিকে এনে দিল এক স্মরণীয় জয়। এই জয়ের সুবাদে ইস্টার্ন কনফারেন্স টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি, হাতে ২৫ পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দল। ২৪ মিনিটে মেসির গোলে মায়ামি এগিয়ে গেলেও, বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে সমতা ফেরায় সিনসিনাটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচারের গোলে তারা ২-১ গোলে এগিয়ে যায়। কিন্তু মেসি হাল ছাড়েননি। ৫৫ মিনিটে রদ্রিগো ডি পলের ক্রস থেকে বাঁ-পায়ের শটে সমতা ফেরান তিনি। এরপর ৬৪ মিনিটে ব্রাজিলিয়ান প্লেমেকার এভান্ডার দূরপাল্লার দুরন্ত শটে সিনসিনাটিকে আবার এগিয়ে দিলেও, মায়ামি লড়াই চালিয়ে যায়। তিনবার পিছিয়ে পড়েও দলের এই ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ৭৯ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে তরুণ আর্জেন্তিনীয় মাতেও সিলভেত্তি গোল করে স্কোরলাইন ৩-৩ করেন। এরপর মেক্সিকোর জার্মান বেরতেরামে মায়ামিকে ৪-৩ গোলে এগিয়ে দেন। ম্যাচের শেষ মুহূর্তে মেসির শট পোস্টে লেগে গোলকিপার রোমান সেলেন্তানোর গায়ে লেগে জালে জড়ায়, যা সরকারিভাবে আত্মঘাতী গোল হিসেবে ধরা হলেও, এর মূল কারিগর ছিলেন মেসিই।
বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্তিনা অধিনায়কের এই আগুনে ফর্ম তাঁর ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, “ওরা অসাধারণ খেলেছে, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এই পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।”










