ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী সম্প্রতি জানিয়েছেন যে, শিল্পোন্নত রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ এখনও পিছিয়ে রয়েছে। তবে আগামী দিনে এই ছবি বদলাতে চলেছে বলে জোরালো ইঙ্গিত মিলেছে।
এই বিশেষ ব্লু-প্রিন্টের মাধ্যমে রাজ্যের একদা সমৃদ্ধ শিল্পতালুকগুলি, বিশেষ করে হাওড়া-হুগলি এবং দুর্গাপুর-আসানসোল অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), পাটশিল্প, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং টেক্সটাইল ক্ষেত্রকে নতুন করে জাগিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার একটি সুসংহত শিল্প পুনরুজ্জীবন প্যাকেজ এবং তার বিস্তারিত রোডম্যাপ তৈরি করবে। এই প্রক্রিয়ায় একাধিক কেন্দ্রীয় মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিবিড়ভাবে পরামর্শ করে কার্যকর নকশা প্রস্তুত করবে।
জানা গেছে, এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেটে বিশেষভাবে ঘোষণা করা হতে পারে। নীতি আয়োগের তরফে এই উদ্যোগকে অঘোষিতভাবে ‘সোনার বাংলা ফ্রেমওয়ার্ক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নের এক নতুন রূপরেখা। শিল্প করিডর স্থাপন, রাস্তাঘাট নির্মাণ এবং একাধিক রেললাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলিও এবার দ্রুত গতি পাবে বলে মনে করা হচ্ছে। এই বিশেষ প্যাকেজের মাধ্যমে বাংলার শিল্পক্ষেত্রে এক মহাবিপ্লব আসতে পারে, যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।







