ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ রবিবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। এই হাইভোল্টেজ ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে এসেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ম্যাচে তাদের দলের উপর কোনও চাপ নেই, বরং চাপ থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের উপর।
ব্রুজোঁর মতে, “আমাদের হারানোর মতো কিছু নেই। তবে মোহনবাগান তুলনামূলকভাবে অনেকটাই টেনশনে থাকবে, কারণ তাদের সামনে খেতাব ডিফেন্ড করার সুযোগ রয়েছে। আর আমাদের কাছে রয়েছে একটা স্বপ্ন। কেউ যদি ঠিকঠাকভাবে স্বপ্ন দেখতে পারে, তাহলে সে পর্বতশৃঙ্গও অতিক্রম করতে পারবে।” এই মন্তব্য ডার্বির আগে লাল-হলুদ সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। ইস্টবেঙ্গলের জার্সিতে সম্ভবত এটাই অস্কার ব্রুজোঁর শেষ ডার্বি ম্যাচ হতে চলেছে। তিনি আগেই ঘোষণা করেছেন যে ৩১ মে’র পর তিনি আর লাল-হলুদ ব্রিগেডকে কোচিং করাবেন না। বিদায়বেলায় এমন সাহসী মন্তব্য করে তিনি দলের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। তার এই মন্তব্য ডার্বির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে এবং ম্যাচের আগে মানসিক চাপ তৈরির খেলায় তিনি এগিয়ে থাকলেন।
বর্তমানে দুই দলই ২২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, যা এই ডার্বিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যে দল এই লড়াইটা শেষপর্যন্ত জিততে পারবে, তারা আইএসএল ট্রফি জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে। গোল পার্থক্যের কারণে ইস্টবেঙ্গল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। যদি ইস্টবেঙ্গল এই ম্যাচ জেতে, তারা ২৫ পয়েন্টে পৌঁছবে এবং মোহনবাগান তাদের লিগ পর্বের শেষ ম্যাচ জিতলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকবে, ফলে ইস্টবেঙ্গলই খেতাব জয় করবে। একইভাবে মোহনবাগান জিতলে তারাই এগিয়ে যাবে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা হবে, যেখানে হাজার হাজার সমর্থক তাদের প্রিয় দলের জন্য গলা ফাটাবেন।










