[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরে অসহ্য গরমে নাজেহাল অবস্থা শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আজ শনিবার বিকেল বা সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দ্রুত পরিবর্তন আসতে চলেছে। কলকাতা সহ মোট আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যা তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলী, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এই জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে বলে জানানো হয়েছে। শহরের বাসিন্দাদের বিকেল বা সন্ধ্যার দিকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দেশজুড়ে সক্রিয় ছয়টি ঘূর্ণাবর্ত এবং একটি পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি ও উপ-হিমালয় সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বিদ্যুৎ চমক এবং প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ থেকে ১৮ মে-র মধ্যে এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তীব্র গরম থেকে সাময়িক মুক্তি মিলতে পারে রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর