ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআই তদন্তে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে অন্যতম মায়াঙ্ক। সিবিআই সূত্রে খবর, ঝাড়খণ্ডের এক ব্যক্তি মায়াঙ্ককে ১ লক্ষ টাকার বিনিময়ে একটি নিসান মাইক্রা গাড়ি বারাসতে পৌঁছে দেওয়ার বরাত দিয়েছিলেন। মধ্যমগ্রামের ঘটনার দিন এই গাড়িটিই ব্যবহার করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।
মায়াঙ্ক সিবিআই জেরায় জানিয়েছেন, তিনি নিজেই গাড়িটি চালিয়ে ঝাড়খণ্ড থেকে বারাসতে নিয়ে আসেন। হাওড়ার নিবেদিতা টোল প্লাজার কয়েক কিলোমিটার আগে গাড়ির আসল নম্বর প্লেট বদলে শিলিগুড়ির আরটিও থেকে রেজিস্টার হওয়া একটি নম্বর প্লেট লাগানো হয়। টোল প্লাজা পেরনোর ঠিক আগেই আসল নম্বর প্লেটটি ফেলে দেওয়া হয়েছিল। এই তথ্য সিবিআইয়ের তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। গাড়িটি বারাসত ১১ নম্বর রেল গেট সংলগ্ন নির্দিষ্ট জায়গায় রেখে মায়াঙ্ক প্রথমে বাস ধরে এয়ারপোর্ট এলাকায় যান। সেখানে ফাস্ট ফুড খেয়ে ক্যাব নিয়ে হাওড়া স্টেশন পৌঁছন এবং সেখান থেকে ট্রেনে চেপে বক্সার ফিরে যান। সিবিআই মায়াঙ্ককে নিয়ে এইসব জায়গাগুলি ঘুরে তথ্য সংগ্রহ করেছে এবং তাঁর বয়ানের সত্যতা যাচাই করছে।
জানা গিয়েছে, টোল প্লাজায় তিনি অনলাইন পেমেন্ট করেছিলেন। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, নিসান মাইক্রা ছাড়াও আরও একটি চারচাকা গাড়ি তিনজনকে নিয়ে ঝাড়খণ্ড থেকে এসেছিল। এই তিনজন কারা এবং খুনে তাদের ভূমিকা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ১ লক্ষ টাকার বরাত দেওয়া সেই ঝাড়খণ্ডের ব্যক্তির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই। ওই ব্যক্তিই কি চন্দ্রনাথ রথ খুনের মূল সুপারি দিয়েছিল, তা জানতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার জট খুলতে আরও তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।










