[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ তামিলনাড়ুকে মাদকমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে তাঁর সরকার। সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হয়েছে যে, ২১ বছরের কম বয়সিদের কাছে কোনওভাবেই মদ বিক্রি করা যাবে না। তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন বা টাসম্যাকের জন্য নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, ২১ বছরের নিচে কারও মদ্যপান বেআইনি এবং সেই বয়সের কাউকে মদ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মদের দোকানের কর্মীদের আধার কার্ড দেখে ক্রেতার বয়স ও পরিচয় যাচাই করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, তরুণ প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী পদে বসার পরই বিজয় নির্দেশ দিয়েছিলেন, মন্দির, স্কুল, কলেজ এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যেই প্রায় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। মদ্যপানের উপর নিয়ন্ত্রণ আনতে মদের দোকানের সময়সীমা কমানোর কথাও ভাবছে বিজয় সরকার।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিজয়ের সরকারের এটি প্রথম বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা ও পরিচালক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই দিনে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাও করেছেন বিজয়। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পেতেন, তা বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সব মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকার আর্থিক সহায়তার মে মাসের কিস্তিও দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর