ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সব আধিকারিকদের দুর্নীতির তদন্তের ফাইল বছরের পর বছর আটকে রেখেছিল, মঙ্গলবার তা থেকে আইনি জট সরিয়ে নিলেন তিনি। এর ফলে শিক্ষা, পুরসভা এবং সমবায়—এই তিন দফতরের অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এখন থেকে চার্জশিট পেশ বা পূর্ণাঙ্গ তদন্ত চালাতে আর কোনো বাধা রইল না সিবিআই-এর।
প্রশাসনিক নিয়ম অনুযায়ী, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট জমা দিতে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুমতি দেওয়া আটকে রেখেছিলেন, যার ফলে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও অনেক অফিসারের বিরুদ্ধে সিবিআই আইনি পদক্ষেপ করতে পারছিল না।
এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, “নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। দুর্নীতির প্রশ্নে আমাদের সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে। কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না।” চারটি মামলার ক্ষেত্রেই প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং অর্ডারের কপিও ইতিমধ্যেই সিবিআই-এর হাতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের ছাড়পত্র দেওয়ায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী দিনে অনেক প্রভাবশালী আমলা ও আধিকারিকের অস্বস্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।










