ব্যুরো নিউজ, ৭ই মে ২০২৬ঃ এবারের বিধানসভা ভোটে বিপুল ভোট পেয়ে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি । আর সেই বিজয় উচ্ছাসের মাঝেই জানা যায় বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট সহকারী চন্দ্রনাথ রথ । কয়েকজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে। ঘটনাটি ঘটে মধ্যমগ্রামে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিষয়কে কেন্দ্র করে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনীতি মহলে। চন্দ্রনাথের মৃত্যুতে শোকের ছায়া তার পরিবার, প্রতিবেশী এবং বন্ধুমহলেও।
খবরটি চন্দ্রনাথের বাড়িতে পৌঁছাতেই অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা। ক্ষোভে ফুঁসছেন পাড়া প্রতিবেশীরাও। পাড়ার ছেলে নেই এটা মানতেই পারছেন না কেউই। কারোর চোখে জল আবার কেউ কেউ ক্ষুব্ধ। পাড়া প্রতিবেশীদের সকলেরই বক্তব্য, চন্দ্রনাথের মতো ভালো ছেলে হয় না। চন্দ্রনাথের বন্ধু জানান, ‘কথাবার্তা, স্বভাব সবই খুব ভালো ছিল তাঁর। সবকিছুতে সহযোগিতা করতেন। ছোট থেকেই খুব মেধাবী ছিলেন চন্দ্রনাথ।
চন্দ্রনাথ রথের বন্ধু আরও জানান, ‘কোনদিন কাউকে চড় পর্যন্ত মারেনি, ওই ধরণের ছেলেই ছিল না সে। কারোর সঙ্গে কোনও অশান্তি ছিল না। এত ভালো ছেলেকে কে মারল!’ একই কথা বলেছেন তাঁর প্রতিবেশীরাও। কেন খুন হতে হল এত ভালো একজন মানুষকে? চন্দ্রনাথকে যারা খুন করেছে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছেন সকলেই । বিচারের আশায় দিন গুনছে প্রত্যেকেই ।


















