তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা: আজকের আবহাওয়া

তীব্র গরমের মাঝে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। জানুন আজকের ও আগামীকালের বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ তীব্র গরমে পুড়ছে বাংলা। জেলায় জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় জনজীবন বিপর্যস্ত। এই অসহনীয় অবস্থার মধ্যেই অবশেষে কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মাঝেমধ্যে বৃষ্টি হলেও গরমের তীব্রতা সেভাবে কমছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, আন্দামান দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিছু অংশে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব বিহারে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।