ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ কলকাতার রাস্তায় দীর্ঘদিনের অবৈধ পার্কিং এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিলেন রাজ্যের নবনির্বাচিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে, শহরের মেন রোড থেকে অলিগলি পর্যন্ত রাস্তার দু’পাশে যে অবৈধ পার্কিংয়ের দাপট চলে, তা চিরতরে বন্ধ করা হবে। এর ফলে নিত্য যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।
পুরমন্ত্রী জানান, এতদিন ধরে পার্কিংয়ের নামে এক শ্রেণীর যুবক জোর জবরদস্তি করে জায়গা দখল করে তোলা আদায় করত, যা সরকারের কোষাগারে পৌঁছত না। এবার সেই মাফিয়ারাজ বা সিন্ডিকেট দমন করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নির্দেশ দিয়েছেন, রাস্তার দু’পাশেই অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। যে সমস্ত জায়গায় শুধুমাত্র স্লিপ দিয়ে টাকা তোলা হয় কিন্তু রাজ্যের রাজস্বের দপ্তরে আসে না, সেগুলিও বন্ধ করা হবে।
অগ্নিমিত্রা পাল আরও সংযোজন করেন যে, কোনও রাস্তার দু’পাশে একসঙ্গে গাড়ি রাখা যাবে না। একদিকে পার্কিং করতে হবে এবং যেদিকে পার্কিংয়ের অনুমতি নেই, সেদিকে গাড়ি রাখা যাবে না। যদি নিয়ম ভঙ্গ করা হয়, তাহলে প্রশাসন তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। পথচারীদের যাতায়াতে সমস্যা হলে সেই পার্কিং বাতিল করা হবে। নির্ধারিত হারের বাইরে কেউ অতিরিক্ত এক পয়সাও আদায় করতে পারবে না। এই পদক্ষেপ কলকাতার যানজট নিরসনে এবং শহরের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।










