সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ল ৩৭, মামলার পাহাড় সামলাতে রাষ্ট্রপতির ঐতিহাসিক অধ্যাদেশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক অধ্যাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বেড়ে ৩৭ হল। পাহাড়প্রমাণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এই পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক ঐতিহাসিক অধ্যাদেশ জারি করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার অনুমোদন দিয়েছেন। ক্রমবর্ধমান মামলার পাহাড়প্রমাণ চাপ সামলাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এই নির্দেশের পরপরই কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিতে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে।

সাধারণত সংসদের অধিবেশন চলাকালীন আলোচনার মাধ্যমেই সুপ্রিম কোর্টে নতুন বিচারপতির পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তবে বর্তমানে সংসদের কোনও অধিবেশন না থাকায় এবং বিষয়টি অত্যন্ত জরুরি হওয়ায়, সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, মামলার চাপ দ্রুত সামলানোর জন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। ১৯৫৬ সালের সুপ্রিম কোর্ট আইন সংশোধন করে আরও ৪টি নতুন বিচারপতির পদ তৈরি করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের প্রধান বিচারপতি (CJI) ছাড়াও আরও ৩৬ জন বিচারপতি থাকতে পারবেন।

আইনজীবীদের মতে, এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক বিচারাধীন মামলার দ্রুত শুনানি করা, দীর্ঘদিনের জট কাটানো এবং প্রয়োজন অনুযায়ী নতুন সাংবিধানিক বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন, তাই নতুন অধ্যাদেশের পর শূন্যপদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫টিতে। এই নিয়োগগুলি সম্পন্ন হলে দেশের সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় ব্যাপক গতি আসবে বলে আশা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে সংসদের উভয় কক্ষে এই অধ্যাদেশটি পাস করিয়ে স্থায়ী আইনে পরিণত করতে হবে।