বিধাননগরে তৃণমূলের পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড উদ্ধার, তীব্র শোরগোল

বিধাননগরের বাসন্তী দেবী কলোনিতে তৃণমূলের পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড উদ্ধার। তীব্র চাঞ্চল্য, তদন্তের দাবি।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ কলকাতা সংলগ্ন বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডে শাসকদল তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের এই গুরুত্বপূর্ণ সরকারি নথিগুলি কার্যত আটকে বা বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকেই আচমকা বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার হয়। ঘটনার খবর জানাজানি হতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। রাজনৈতিক মহলেও এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ৫০টিরও বেশি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। কী কারণে এবং কার নির্দেশে এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলি শাসকদলের কার্যালয়ে জমা করে রাখা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সাধারণ নাগরিকদের একাংশের অভিযোগ, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বা অন্য কোনও অজুহাতে তাঁদের কাছ থেকে আধার কার্ড নিয়ে নেওয়া হত, যা আর ফেরত দেওয়া হয়নি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীরাও আসরে নেমেছে। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন, মানুষকে ভয় দেখিয়ে তাঁদের জায়গা নিয়ে নেওয়া হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেছেন। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। সাধারণ মানুষের নথি কেন পার্টি অফিসে, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তপ্ত বিধাননগরের বাসন্তী দেবী কলোনি।