ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সত্যব্রত বসু রায়, বয়স ২৮ বছর। সে নিরঞ্জন পল্লীর বাসিন্দা। তার বাবার নাম দেবব্রত বসু রায়।
লালবাজার ও স্থানীয় থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাঁশদ্রোণী থানার পুলিশ নিরঞ্জন পল্লী এলাকায় অতর্কিতে অভিযান চালায়। তল্লাশি চলাকালীন সত্যব্রত বসু রায়ের কাছ থেকে দুটি উন্নতমানের সেমি-অটোমেটিক পিস্তল এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্রগুলি। এই ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধৃত সত্যব্রতের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অস্ত্র আইনের ২৫(১বি)(এ)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। খাস কলকাতার বুকে এই যুবকের কাছে কোথা থেকে এবং কীভাবে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এর পিছনে কোনও বড়সড় আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র পাচার চক্র জড়িত রয়েছে কিনা, কিংবা শহরে কোনও বড় ধরনের অপরাধমূলক কাজের ছক কষা হচ্ছিল কিনা, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন যে সর্বদা তৎপর, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পুলিশের আধুনিকীকরণ ও সংস্কারে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন।





