ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ২০১৯ সালের বিতর্কিত মামলায় শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আদালতের অনুমতি ছাড়া কলকাতা ও কৃষ্ণনগরের বাইরে যেতে পারবেন না তিনি। এই রায় ঘিরে ‘বাকস্বাধীনতায় হস্তক্ষেপ’ নিয়ে সংস্কৃতি মহলে আলোচনা চললেও, বিরোধীরা একে ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেওয়ার পদক্ষেপ হিসেবে দেখছে। ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শপথগ্রহণের পর শ্রীজাত তাঁর ফেসবুক পেজে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেন।
অভিযোগ ওঠে, ওই কবিতায় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়, শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল। এই ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়, কবিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে ফেসবুক থেকে কবিতাটি সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আইনজীবী রোমিত শীল এই ইস্যুতে কৃষ্ণনগর আদালতের দ্বারস্থ হন। আদালতের একাধিক সমন সত্ত্বেও শ্রীজাত নির্ধারিত সময়ে হাজিরা দেননি বলে অভিযোগ। ফলস্বরূপ, গত ২০ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত, যা রাজ্য রাজনীতি ও সংস্কৃতি মহলে চাঞ্চল্য ছড়ায়। শনিবার আদালতে জামিনের আবেদন জানান শ্রীজাত। মামলাকারীর আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করলেও, উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত ২,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। আদালতের অনুমতি ছাড়া শহর ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আইনি লড়াইয়ের দিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।










