ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ গরমের ছুটি মানেই ভ্রমণপিপাসু বাঙালির মন চায় প্রকৃতির কোলে হারিয়ে যেতে। শহরের কোলাহল থেকে দূরে, পাহাড়, সবুজ আর শান্ত পরিবেশের টানে পুরুলিয়ার ফুটিয়ারি হতে পারে আদর্শ গন্তব্য। হাতে কম সময় থাকলে একদিনের জন্য হলেও পরিবার নিয়ে ঘুরে আসার জন্য এটি অনবদ্য স্থান। পুরুলিয়ার অযোধ্যা-জয়ন্তী ছাড়াও তিলাবনি পাহাড়ের কোলে অবস্থিত কলাবনি ও লধুড়কার গ্রামের মাঝে এই ফুটিয়ারি। এটি কোনো গ্রামের নাম নয়, বরং কলাবনির পাশ দিয়ে বয়ে চলা ফুটিয়ারি নদীর নামেই পরিচিত। এখানে এলে আপনি প্রকৃতির এক অন্য রূপ দেখতে পাবেন।
টিয়া, মাছরাঙা, নীলকণ্ঠ সহ নানান রঙবেরঙের পাখির দেখা মেলে। শাল, পলাশ, মহুয়ার সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ারির অন্যতম আকর্ষণ। ফুটিয়ারির বাঁধের রাস্তা ধরে হেঁটে বা বোটিং করে সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। এখান থেকে ঘুরে আসতে পারেন দুর্গাসিংডাঙা, তিলাবনি, পাঞ্জোনিয়া ও সিন্দুরপুরের পাহাড়। কাছেই রয়েছে পাকবিড়রা, যেখানে তিনটি প্রাচীন জৈন মন্দির ও একটি সংগ্রহশালা ইতিহাসপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ। ফুটিয়ারি পৌঁছানোর জন্য ট্রেনে পুরুলিয়া স্টেশন এসে সেখান থেকে ৩৫-৪০ মিনিটের পথ, প্রায় ২৫ কিলোমিটার। সড়কপথে বর্ধমান-দুর্গাপুর হয়েও লং ড্রাইভে যাওয়া যেতে পারে। যারা কম সময়ে প্রকৃতির কাছাকাছি যেতে চান, তাদের জন্য পুরুলিয়ার এই অফবিট ডেস্টিনেশনটি এক নতুন দিগন্ত খুলে দেবে।










