ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ লখনউ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁসের প্রস্তাব এবং বিনিময়ে যৌন সুবিধা চাওয়ার অভিযোগ উঠেছে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক পরমজিৎ সিং-এর বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের সূত্র ধরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
অডিও ক্লিপে শোনা যাচ্ছে, অধ্যাপক পরমজিৎ সিং ওই ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন করে বলছেন, “আমি তোমার জন্য পরীক্ষার প্রশ্নপত্রের ব্যবস্থা করে ফেলেছি। পরীক্ষার আগে একবার চলে এসো, আমি এখানেই তোমাকে ওটা দিয়ে দেব।” এর বদলে তিনি ছাত্রীর কাছ থেকে অশালীন কিছু ‘ফেভার’ দাবি করেন। এই ঘটনায় ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েন। বিষয়টি জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হাসনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এফআইআর নথিভুক্ত করে অধ্যাপককে হেফাজতে নেয়। গ্রেফতারের পর পরমজিৎ সিং নিজের দোষ স্বীকার করেননি। তিনি দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছেন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-র কর্মীরা অভিযুক্ত অধ্যাপকের স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেপি সাইনি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা জানিয়েছেন।










