ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকি ইমেল পাঠানোর অভিযোগে কলকাতা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলি নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত ১৪ মে ভবানীপুর থানায় আল-কায়দা জঙ্গি সংগঠনের নাম করে একটি হুমকি ইমেল আসে। সেখানে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার গুরুত্ব বুঝে লালবাজারের সাইবার ক্রাইম শাখা ও স্থানীয় থানা যৌথভাবে তদন্ত শুরু করে।
আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ জানতে পারে, হুমকি বার্তাটি কলকাতার গার্ডেনরিচ এলাকা থেকে পাঠানো হয়েছিল। এরপরই দ্রুত অভিযান চালিয়ে হাসনেন আলিকে গ্রেফতার করা হয়। এসটিএফের যুগ্ম কমিশনার সাংবাদিক বৈঠকে জানান, জেরায় ধৃত যুবক হাসনেন আলি হুমকি মেলের কথা স্বীকার করেছেন।
তিনি পুলিশকে জানিয়েছেন, এক মহিলার সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। প্রতিশোধ নিতে ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল পাঠান। ধৃত ব্যক্তি কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, নাকি নিছকই ব্যক্তিগত আক্রোশ মেটাতে আল-কায়দার নাম ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নবান্ন ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।










