ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর কাজ দ্রুত সম্পন্ন করতে এবার রাজ্য সরকারের পাশে এসে দাঁড়ালেন সীমান্তবর্তী কৃষকরা। অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রুখতে নিজেদের কৃষি জমি রাজ্যকে হস্তান্তর করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন তাঁরা।
সম্প্রতি ক্ষমতা দখলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য জমি বিএসএফ-কে হস্তান্তরের ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হতেই মালদার হবিবপুরে অসংখ্য কৃষক তাঁদের জমির কাগজপত্র নিয়ে আধিকারিকদের কাছে জমা দেন। দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতার লাগানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৎকালীন রাজ্য সরকারের মতপার্থক্য ছিল। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও জমি হস্তান্তরে অনীহা দেখা গিয়েছিল। তবে সরকার বদল হতেই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে নতুন সরকার।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে চুরি, ডাকাতি, ফসল নষ্ট করত। গরু পাচার, জাল ওষুধ ও মাদক পাচারকারীদের দাপটে এলাকার জনজীবন বিপর্যস্ত ছিল। কাঁটাতার বসলে এই সমস্যাগুলির সমাধান হবে বলে আশা করছেন তাঁরা। মুর্শিদাবাদের রানীনগর, ভগবানগোলা, লালগোলা, জলঙ্গির মতো সীমান্ত লাগোয়া এলাকার হাজার হাজার মানুষের চোখে-মুখে এখন স্বস্তির হাসি। প্রায় ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে বাংলার অংশ ২২১৬ কিলোমিটার, যার মধ্যে এখনও প্রায় ৮৬৪ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। কৃষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাঁটাতার বসানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।










