ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ক্রিকেট মহলে ফের আলোচনার কেন্দ্রে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাঁকে দেখা না যাওয়ায় জল্পনা চলছিল। এরই মধ্যে নতুন খবর, বান্ধবী মাহিকা শর্মাকে নাকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন হার্দিক। সোশ্যাল মিডিয়ায় এমন খবরই এখন ভাইরাল।
অনেকেই বলছেন, চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পারেন টিম ইন্ডিয়ার এই তারকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী, আগামী ২২ মে হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার বিয়ে হওয়ার কথা। যদিও এই খবরে এখনও পর্যন্ত হার্দিক বা মাহিকা, কেউই সিলমোহর দেননি। পান্ডিয়ার পরিবারের তরফেও কোনও নিশ্চিত তথ্য মেলেনি। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, একটি বিশেষ কারণে তড়িঘড়ি মাহিকা শর্মাকে বিয়ে করতে চাইছেন হার্দিক। সাম্প্রতিক সময়ে মুম্বইয়ের ম্যাচগুলিতে মাহিকাকে স্টেডিয়ামে নিয়মিত দেখা গেছে। ম্যাচ শেষে হার্দিক তাঁর কাছেই যেতেন বলে অভিযোগ।
এমনকি, মাহিকা ড্রেসিংরুমের আলোচনা বাইরে ফাঁস করেছেন বলেও জল্পনা ছড়ায়, যদিও এর সত্যতা যাচাই করা হয়নি। মাঠের মধ্যে বান্ধবীর সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের টিম ক্যাম্পে বান্ধবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। অতীতেও প্রেমিকা বা বান্ধবীর কারণে বেশ কিছু বিতর্কিত ঘটনায় সমালোচিত হতে হয়েছিল হার্দিককে। সূত্রের খবর, এই সব কারণেই দ্রুত মাহিকাকে বিয়ে করে স্ত্রী বানাতে চাইছেন পান্ডিয়া, যাতে ভবিষ্যতে আর কোনও সমস্যা না থাকে।










