[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মাঝরাতে পুলিশি হানায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসকে শুক্রবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তুলে নিয়ে যায় পুলিশ। তিনি ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিও। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ধৃতের পরিবার ও স্থানীয় বিধায়ক পুলিশের এই অতিসক্রিয়তা এবং মাঝরাতে গ্রেফতারির পদ্ধতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।

তাঁদের অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই পুলিশ বাড়িতে ঢুকে মহিলাদের ওপর লাঠিচার্জ করেছে এবং উত্তম দাসকে জোর করে তুলে নিয়ে গেছে। বিধায়ক পরেশরাম দাস জানান, এটি সুস্থ গণতন্ত্রের পরিপন্থী কাজ এবং তাঁর দাদার বিরুদ্ধে আনা অভিযোগগুলি অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

তদন্তকারীদের দাবি, ধৃত নেতার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ক্যানিংয়ে গোলমাল ও গুলি চলার ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছিলেন। সেই ঘটনার নেপথ্যে উত্তম দাসের মূল হাত ছিল বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইন, মারধর, অপরাধমূলক প্ররোচনা ও হুমকির মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে স্বাস্থ্য পরীক্ষার পর কলকাতার আলিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর