ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের চিংড়িঘাটা অংশের কাজ। মেট্রো রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বহু কাঙ্ক্ষিত অরেঞ্জ লাইনের পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন, যা কলকাতার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, পূর্ববর্তী সরকারের অসহযোগিতা এবং ট্রাফিক ব্লক সংক্রান্ত সমস্যার কারণে গত তিন বছর ধরে চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে ছিল। তবে রাজ্যে পালাবদল এবং ডাবল ইঞ্জিন সরকার আসার পর এই সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশের অনুমতি মেলায় আজ অর্থাৎ শুক্রবার (১৫ মে, ২০২৬) থেকে এই গুরুত্বপূর্ণ অংশের কাজ শুরু হয়েছে।
মেট্রো রেল জানিয়েছে, প্রাথমিকভাবে আজ রাত ৮টা থেকে কাজ শুরু হয়েছে। প্রথম দফায় উত্তরমুখী যান চলাচল আংশিকভাবে বন্ধ রাখা হবে এবং আগামী সোমবার সকাল ৮টায় রাস্তা খুলে দেওয়া হবে। এরপর আগামী ২২ মে অর্থাৎ শুক্রবার রাত ৮টা থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে, যা ২৫ মে সকাল ৮টা পর্যন্ত চলবে। এই সময় দক্ষিণমুখী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। এই কাজের জন্য আগামী দু’সপ্তাহ মোট ১২০ ঘণ্টা যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে। চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম ও পূর্ব অংশ পর্যায়ক্রমে বন্ধ রেখে কাজ চালানো হবে। এই কাজ শেষ হলেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক পর্যন্ত অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করে পরিষেবা চালু করা হবে। চলতি বছরের শেষের দিকে অরেঞ্জ লাইনের পরিষেবা শুরু হলে তা নিত্যযাত্রীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে।










