ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ গরমের ছুটি শুরু হতেই পর্যটকদের মধ্যে পাহাড়ে ঘোরার প্রবণতা বাড়ে। এই সময়ে যারা উত্তরবঙ্গের নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি গন্তব্য খুঁজছেন, তাদের জন্য কালিম্পং-এর কাছেই লুকিয়ে থাকা তেন্দ্রাবং গ্রামটি হতে পারে এক আদর্শ ঠিকানা। কোলাহলমুক্ত পরিবেশে কয়েকটা দিন কাটাতে চাইলে এই পাহাড়ি গ্রামটি পর্যটকদের মন জয় করবেই।
কালিম্পং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে পাইন বনে ঘেরা এই ছোট্ট গ্রামটি তার সরল জীবনযাত্রা এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত। সকালে মেঘ সরে গেলেই সবুজ পাহাড়ের এক অসাধারণ দৃশ্য চোখে পড়ে। আর যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, তবে দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘারও। তেন্দ্রাবং-এর শান্ত পরিবেশ, রঙবেরঙের অর্কিড এবং প্রজাপতি মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। পাখির ছবি তুলতে বা বার্ড ওয়াচিং-এর শখ থাকলে তেন্দ্রাবং একটি চমৎকার জায়গা। এখানে বহু প্রজাতির পাখির আনাগোনা দেখা যায়।
তাছাড়া, এই গ্রামের খুব কাছেই রয়েছে বিখ্যাত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, যা বন্যপ্রাণ এবং প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তারা নেওড়া ভ্যালি ঘুরে আসতে পারেন। তেন্দ্রাবং পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি (NJP) থেকে সরাসরি গাড়ি ভাড়া করা যায়। অথবা, শেয়ার গাড়ি বা বাসে কালিম্পং এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে তেন্দ্রাবং পৌঁছানো সম্ভব। এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে, যেখানে স্থানীয় আতিথেয়তার উষ্ণতা পর্যটকদের মুগ্ধ করে। বাজেট-বান্ধব এবং শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য তেন্দ্রাবং সত্যিই এক অনবদ্য গন্তব্য।










