ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ ইন্ডিয়া পোস্ট (India Post) তার গ্রাহকদের জন্য এক যুগান্তকারী পরিষেবা চালু করেছে। এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের আর চেকবুকের জন্য ডাকঘরে ছুটতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে পার্সোনালাইজড চেকবুক সরাসরি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। গত ৮ মে থেকে শুরু হওয়া এই নতুন পরিষেবা পোস্ট অফিসের গ্রাহকদের জন্য এক বড় সুবিধা নিয়ে এসেছে।
জানা গেছে, এই নতুন চেকবুকগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড আগে থেকেই প্রিন্ট করা থাকবে। এর আগে পোস্ট অফিসের চেকবুকগুলিতে এই তথ্যগুলি ছাপা থাকত না, যার ফলে গ্রাহকদের অনেক সময় সমস্যায় পড়তে হত। ইন্ডিয়া পোস্টের এই পদক্ষেপ ব্যাঙ্কের মতো আধুনিক পরিষেবা প্রদানের দিকে একটি বড় ধাপ। যদিও এই পরিষেবা বাধ্যতামূলক নয়। গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী পুরনো ইনস্ট্যান্ট চেকবুক অথবা নতুন পার্সোনালাইজড চেকবুক বেছে নিতে পারবেন। তবে ইনস্ট্যান্ট চেকবুক শুধুমাত্র পোস্ট অফিসের কাউন্টার থেকেই সংগ্রহ করা যাবে।
তবে পার্সোনালাইজড চেকবুক পাওয়ার জন্য কিছু শর্ত রাখা হয়েছে। গ্রাহকের মোবাইল নম্বর অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এবং অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা ব্যালেন্স থাকা জরুরি। এছাড়া, ২০ টাকা চেকবুক চার্জ এবং জিএসটি প্রযোজ্য হবে। অ্যাকাউন্ট ফ্রিজ বা ডরম্যান্ট অবস্থায় থাকলে এই চেকবুকের আবেদন গ্রহণ করা হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়েও খুব শীঘ্রই এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।










