ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ শপথগ্রহণের পর এই প্রথম রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার, ১৫ মে, ২০২৬ তারিখে কলকাতার পিজি হাসপাতালে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই বৈঠককে ঘিরে পিজি হাসপাতাল চত্বরে কার্যত দুর্গের চেহারা নেয় নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়।
পিজি হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের আটতলায় আয়োজিত এই বৈঠকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা), আইডি, কলকাতা মেডিকেল কলেজ-সহ অসংখ্য মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিধাননগরের নবনির্বাচিত বিধায়ক ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং বেহালা পশ্চিমের সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খানকেও বৈঠকে দেখা যায়। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাও উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রথম স্বাস্থ্য বিষয়ক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন সরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। হাসপাতালের শীর্ষকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির রূপরেখা তৈরি করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। কৌতুহলী রোগীর পরিজনেরা পুলিশি ব্যারিকেডের পিছনে ভিড় জমিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আগমন দেখতে।










