ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ আইপিএল ২০২৬-এর এক টানটান ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছে। তিলক বর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে মুম্বই ১ বল বাকি থাকতেই ২০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করে। এই হারের ফলে পাঞ্জাব কিংসের প্লে-অফে যাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়ল। মুম্বইয়ের প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গেলেও, তাদের এই জয় পাঞ্জাবের স্বপ্নভঙ্গ ঘটিয়েছে। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস প্রভসিমরন সিংয়ের ৫৭ রান এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩৮ রানের সুবাদে ৮ উইকেটে ২০০ রান তোলে।
মুম্বইয়ের হয়ে শার্দুল ঠাকুর ৪ উইকেট নেন, যেখানে বুমরা তাঁর শেষ বলে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের শুরুটা ভালোই হয়েছিল, রোহিত শর্মা (২৫) ও রিকলটন (৪৮) জুটি ৬১ রান তোলে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিলক বর্মা। শেরফান রাদারফোর্ড (২০) এবং পরে উইল জ্যাক্সকে সঙ্গী করে তিনি ৩৩ বলে অপরাজিত ৭৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। একসময় মুম্বইয়ের জয়ের জন্য ৩ ওভারে ৫০ রান দরকার ছিল, সেখান থেকেই তিলক ও জ্যাক্সের ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বই জয় ছিনিয়ে নেয়। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারল পাঞ্জাব। শ্রেয়স আইয়ারের দলের প্লে-অফে পৌঁছতে হলে এখন বাকি দুটি ম্যাচেই জিততে হবে।
আগামী রবিবার আরসিবি এবং শনিবার লখনউয়ের বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলিতে জয় না পেলে গতবারের রানার্সআপদের আইপিএল যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। পাঞ্জাবের কাছে এখন জোড়া ফাঁড়া, তাদের সামনে কঠিন সমীকরণ।










