ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ বেআইনি গরুপাচারের অভিযোগে হুগলিতে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে হুগলি গ্রামীণ পুলিশের গুড়াপ থানা এলাকার জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে দু’টি গবাদি পশু বোঝাই গাড়ি আটক করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে গুড়াপ থানা এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পান যে, ১৯ নং জাতীয় সড়ক ও ২৩ নং রোড দিয়ে অবৈধভাবে গবাদিপশু পাচার করা হচ্ছে। এর পরই পুলিশ দ্রুত পদক্ষেপ করে গাড়ি দু’টি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে দশটি গবাদি পশু উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত গাড়ি দু’টিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, গবাদিপশুগুলি পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা থেকে আনা হচ্ছিল। তবে এই গবাদিপশু গুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ৫ জনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। আদালত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আরও বড় কোনও চক্রের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে গুড়াপ থানার পুলিশ।










