ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ঘোষণা করেছেন, এখন থেকে রেশনে আটার বদলে উন্নত মানের গম সরবরাহ করা হবে। রাজ্যের পালাবদলের পর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে উন্নত খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সরকারের অঙ্গীকারকেই তুলে ধরছে।
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছেন, আপাতত সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে, সেটুকুই বিলি করা হবে। এরপর নতুন করে আর কোনো আটা দেওয়া হবে না। তাঁর প্রধান লক্ষ্য হল, সাধারণ মানুষের পাতে নিম্নমানের খাদ্যসামগ্রী সরিয়ে উৎকৃষ্ট মানের গম ও চাল নিশ্চিত করা। শুধু খাদ্যসামগ্রীর মানোন্নয়নই নয়, দুর্নীতি দমনেও কড়া বার্তা দিয়েছেন নতুন মন্ত্রী। মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি দুর্নীতির বিরুদ্ধে সরব। পূর্বতন সরকারের আমলে খাদ্য দফতরে যে পাহাড়প্রমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই ফাইলও ফের খোলার নির্দেশ দিয়েছেন অশোক।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, “রেশনে কোনও দুর্নীতি করতে দেব না।” তিনি আরও জানান, মে মাসটা হয়তো একটু সমস্যা হবে, কিন্তু জুন মাস থেকে গ্রাহকরা উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। পাশাপাশি, সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপের কথা বলেছেন তিনি। কোনো রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সরাসরি লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরিচয়পত্র যাচাইয়ের ওপরও বিশেষ জোর দেওয়া হবে, যাতে কেবল ভারতের নাগরিকরাই এই সুবিধা পান। “না খাউঙ্গা, না খানে দুঙ্গা” – এই নীতিতে অটল থেকে খাদ্য দফতরে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন অশোক কীর্তনিয়া।










