ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ শুক্রবার সকাল ৯ঃ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১০ঃ৪৫ থেকে দুপুর ২ঃ৫০ অবধি থাকবেন নিউ টাউনের হোটেলে। বিজেপির তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে যাবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে দুপুর ৩ঃ১৫ থেকে বিকেল ৫ঃ১৫ পর্যন্ত ২০৭ জন হবু বিধায়কের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন এবং সেখানেই তাকে সম্বর্ধনা জানানো হবে। এমনকি তাকেই বিধানসভার বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে । বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে শাহের সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এটি বিজেপির পরিষদীয় রীতি।
সূত্রের খবর, আজকের বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে। শাহের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যাঁর নাম স্থির হবে, তিনিই সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার ব্রিগেডে শপথ নেবে নতুন সরকার। যদিও কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনও ঝাপসা। বিজেপির অন্দরেও তা নিয়ে জল্পনা কল্পনা লেগেই রয়েছে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করতে পারে বিজেপি। কারন তিনিই পর পর দু’বার নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে শুভেন্দু প্রথম নেমেছিলেন ২০২১ সালে নন্দীগ্রামে। ১৯৫৬ ভোটে সে বার মমতাকে হারিয়েছিলেন তিনি। সেবারে মমতাকে পরাস্ত করার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও মমতাকে ভবানীপুরে তিনি ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন । তাই তাকেই যোগ্য বলে মনে করছেন অনেকেই।



















