ব্যুরো নিউজ, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ : সামনেই বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই রাজ্যের ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেটে জনমোহিনী ঘোষণার বন্যা বইয়ে দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে যেমন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, তেমনই বেকার যুবক-যুবতীদের জন্য এল নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’। তবে এই দরাজ হস্ত বাজেটের আড়ালে কর্মসংস্থানের অভাব নিয়ে সরব হয়েছে বিরোধীদের একাংশ।
লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা
রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ এক ধাক্কায় ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার।
তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা: আগে পেতেন ১,২০০ টাকা, এখন থেকে পাবেন মাসে ১,৭০০ টাকা।
সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা: এখন থেকে মাসে ১,৫০০ টাকা করে পাবেন। ভোটের মুখে এই আর্থিক সাহায্য রাজ্যের মহিলা ভোটারদের বড় অংশকে প্রভাবিত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Supreme Court DA : সুপ্রিম ধাক্কা বনাম নির্বাচনী চমক: ডিএ-র বকেয়া মেটানোর নির্দেশের দিনই বাজেটে ৪% ঘোষণা মমতার
আশাকর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা
তৃণমূল সরকারের এবারের বাজেটে বড় প্রাপ্তি হয়েছে আশাকর্মীদের। তাঁদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী:
ভাতা বৃদ্ধি: আশাকর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে।
মাতৃত্বকালীন ছুটি: কর্মরত আশাকর্মীরা এখন থেকে সরকারি কর্মীদের মতোই ১৮০ দিন (৬ মাস) মাতৃত্বকালীন ছুটি পাবেন।
বিমা সুরক্ষা: আশাকর্মীদের জন্য ৫ লক্ষ টাকার বিমার ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় বা কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার এককালীন ৫ লক্ষ টাকা পাবে।
বেকারদের জন্য নতুন প্রকল্প: ‘বাংলার যুবসাথী’
তরুণ প্রজন্মের মন জয় করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন ‘বাংলার যুবসাথী’ প্রকল্প।
কারা পাবেন: মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সী বেকাররা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন।
ভাতার পরিমাণ: মাসে ১,৫০০ টাকা।
সময়সীমা: সর্বোচ্চ ৫ বছর বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা মিলবে। আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে শর্ত হলো, আবেদনকারীকে অন্য কোনো সরকারি স্কলারশিপ বা ভাতার সুবিধাপ্রাপ্ত হলে চলবে না। এই প্রকল্পের জন্য মোট ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Union Budget 2026 : কেন্দ্রীয় বাজেট ২০২৬: ব্যবসায়ীদের জন্য সুখবর শোনালেন নির্মলা , স্বাস্থ্য বাজেটে ১৯৪% উল্লম্ফন, প্রতিটি জেলায় ট্রমা কেয়ার সেন্টারের ঘোষণা।।
বিকাশ না কি শুধু ভাতা? উঠছে প্রশ্ন
সরকার যখন বাজেটে ‘কল্পতরু’ হয়ে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন একাংশের দাবি— বাংলার প্রকৃত প্রয়োজন স্থায়ী কর্মসংস্থান। রাজ্যে কলকারখানার অভাব এবং শিক্ষিত যুবকদের পরিযায়ী শ্রমিকে পরিণত হওয়া নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, মেধাবী যুবকদের জন্য বড় কোনো শিল্প বা চাকরির দিশা না দেখিয়ে মাসে ১৫০০ টাকার ‘বেকার ভাতা’ দেওয়া আসলে পরিশ্রমী যুবসমাজের কাছে ‘লঞ্ছনা’র শামিল। নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবার ক্ষমতায় আসার লক্ষ্যে এই বাজেট কি জনগণের মন জয় করতে পারবে, নাকি কর্মসংস্থানের দাবিই বড় হয়ে দাঁড়াবে— সেটাই এখন দেখার।



















