ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ বঙ্গ রাজনীতিতে ফের আলোড়ন তুলে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন সুজাতা মণ্ডল। বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। একসময় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত সুজাতা, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর তৎকালীন স্বামী সৌমিত্র খাঁর হয়ে বিষ্ণুপুরে প্রচারে ঝড় তুলেছিলেন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন এবং আরামবাগ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে বিষ্ণুপুর আসনে তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে প্রার্থী করে, কিন্তু সেবারেও তিনি জয়ের মুখ দেখতে পাননি। এই পরাজয়ের পরই তাঁর দলত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দলত্যাগের কারণ প্রসঙ্গে সুজাতা মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল হেরেছে বলে নয়, দল ২৯৪টি আসন পেলেও তিনি এই সিদ্ধান্ত নিতেন।
তাঁর কথায়, “আমি যখন বলতে গিয়েছি, দল ভুল পথে চলছে, তখন দল এড়িয়ে গিয়েছে। মানুষের কাছে অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছিল, আমি দলকে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। দল মানুষের থেকে বড্ড দূরে সরে গিয়েছিল।” ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সুজাতা জানিয়েছেন, এখনই বিজেপিতে যোগ দেওয়ার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তবে তিনি মানুষের জন্য কাজ করতে চান এবং যদি কোনও দল মনে করে তাঁকে নিয়ে কোনও কাজে লাগবে, তাহলে তিনি যোগ দেবেন। সুজাতা মণ্ডলের এই আকস্মিক সিদ্ধান্ত বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে এবং আগামী দিনে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।









