ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজ্য সরকার বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যেই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলার পাশাপাশি মা ক্যান্টিন, চাকরি এবং মেট্রো প্রকল্প নিয়েও তথ্য দেন।
দিলীপ ঘোষ জানান, মানুষের নিরাপত্তার কথা ভেবেই সরকার কড়া সিদ্ধান্ত নিচ্ছে। কোনও বেআইনি নির্মাণ বা বিপজ্জনক কারখানা বরদাস্ত করা হবে না। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, যেসব বেআইনি নির্মাণ বিপদ তৈরি করছে, সেগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশ মেনেই তিলজলায় বুলডোজার চালানো হয়েছে। এদিন চাকরি নিয়েও বড় ঘোষণা করেন দিলীপ ঘোষ।
তিনি জানান, পঞ্চায়েত দপ্তরে প্রায় সাড়ে ৬ হাজার নতুন নিয়োগ দ্রুত করা হবে। তাঁর অভিযোগ, আগের সরকারের সময় অনেক প্যানেল তৈরি হলেও নিয়োগ হয়নি। সেই বঞ্চিত প্রার্থীদের বিষয়টিও ধাপে ধাপে দেখা হবে বলে জানান তিনি। মা ক্যান্টিন প্রকল্পেও বড় বদলের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। বর্তমানে যেখানে ডিম-ভাত দেওয়া হয়, সেখানে ভবিষ্যতে মাছ-ভাতও দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে ৫ টাকায় খাবারের সুবিধা আগের মতোই থাকবে। অরেঞ্জ লাইন মেট্রো নিয়েও তিনি বলেন, আইনি সমস্যা অনেকটাই মিটে গিয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে।










