ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে পালাবদলের পর এবার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা প্রত্যাহার করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা প্রত্যাহারের জন্য সর্বোচ্চ আদালতে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে সরকারের তরফে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়েছেন। এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর তৎকালীন তৃণমূল সরকার ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল। পরবর্তীতে ওবিসি সংক্রান্ত এক মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। সেই নির্দেশের ফলে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়, যা ব্যাপক প্রভাব ফেলেছিল। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন রাজ্য সরকার এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিচারাধীন রয়েছে।
তবে, বর্তমানে রাজ্য সরকার এই মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ওবিসি সংরক্ষণ নিয়ে মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। মূল মামলাকারী অমলচন্দ্র দাসের আইনজীবী জানিয়েছেন, শুধুমাত্র ২০২৪ সালের ২২ মে নির্দেশ চ্যালেঞ্জ করে করা মামলা প্রত্যাহার করে নিলেই সমস্যার সমাধান হবে না, কারণ আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ দেওয়াকে কেন্দ্র করে এবং অন্যটি ১৪০টি শ্রেণিকে ওবিসি তালিকাভুক্ত করা নিয়ে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিচারাধীন অন্যান্য মামলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে।





