ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ লাউডস্পিকারের শব্দসীমা নিয়ে বিতর্কের জেরে শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোলের জাহাঙ্গীর মহল্লা এলাকা। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে মসজিদের লাউডস্পিকারের আওয়াজ কমানোর অনুরোধ করতে গিয়ে স্থানীয়দের একাংশের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, উত্তেজিত জনতা একটি পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ইটবৃষ্টি ও ভাঙচুর চালায়, যাতে সরকারি ও সাধারণ নাগরিকের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শব্দদূষণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ রাত ৯টা নাগাদ মসজিদ কর্তৃপক্ষের কাছে লাউডস্পিকারের আওয়াজ কমানোর অনুরোধ জানায়। এর পরই স্থানীয়দের একাংশ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে, যা দ্রুত হাতাহাতি ও ইটবৃষ্টিতে পরিণত হয়। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার কড়া বার্তা দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, “জনসাধারণের অসুবিধা হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা যাবে না। শব্দদূষণের একটি নির্দিষ্ট আইনি সীমা রয়েছে, ডিজে বা লাউডস্পিকার যাই বাজুক না কেন, তা অনুমোদিত সীমার মধ্যেই বাজাতে হবে।” তিনি সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলার উপর জোর দেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।








