রুপো আমদানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: অর্থনীতি সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ

কেন্দ্র রুপো আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ কেন্দ্রীয় সরকার রুপো আমদানির নীতিতে বড়সড় পরিবর্তন এনেছে। এখন থেকে বিদেশ থেকে রুপো আমদানি ‘মুক্ত’ থেকে ‘নিয়ন্ত্রিত’ বিভাগে চলে এসেছে, যার অর্থ আমদানিকারকদের সরকারের বিশেষ লাইসেন্স বা অনুমোদন নিতে হবে। পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিজিএফটি জানিয়েছে, ITC HS Code 71069221 এবং 71069229 এর আওতায় থাকা ৯৯.৯% বা তার বেশি খাঁটি রুপোর বার বা বুলিয়ান আমদানির ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। গত এপ্রিল মাসে রুপো আমদানি আনুমানিক ১৫৭.১৬% বৃদ্ধি পাওয়ায় সরকার চিন্তিত ছিল। বিশেষজ্ঞদের মতে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বর্তমানে ৬৯০ বিলিয়ন ডলারের বেশি হলেও, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং সারের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানির জন্য ডলার বাঁচিয়ে রাখা জরুরি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়াতে এবং সোনা কেনা থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে রুপো আমদানি এক ধাক্কায় ১৪৯.৪৮% বেড়ে ১২.০৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এমনকি, ২০২৬ সালের এপ্রিল মাসে ৪১১.০৬ মিলিয়ন ডলারের রুপো আমদানি করা হয়েছে, যা বিগত বছরের এপ্রিল মাসের তুলনায় ১৮১.১৭% বেশি। এই অস্বাভাবিক বৃদ্ধি রুখতেই কেন্দ্রের এই কঠোর পদক্ষেপ। এর আগে সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল।