কানের রেড কার্পেটে ধুতি-পাঞ্জাবিতে ‘লাফটারসেন’: বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন বাংলার কন্টেন্ট ক্রিয়েটর

কানের রেড কার্পেটে ধুতি-পাঞ্জাবিতে ইতিহাস গড়লেন বাংলার কন্টেন্ট ক্রিয়েটর 'লাফটারসেন' নিরঞ্জন মন্ডল। বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ  বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবার ইতিহাস গড়লেন বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডল, যিনি ‘লাফটারসেন’ নামেই পরিচিত। চিরাচরিত স্যুট-বুট বা আধুনিক ওয়েস্টার্ন পোশাকের পরিবর্তে খাঁটি বাঙালি সাজে ধুতি-পাঞ্জাবি পরে কানের রাজকীয় মঞ্চে হেঁটে বিশ্ববাসীর নজর কাড়লেন তিনি।

গত ১৭ই মে, ২০২৬ তারিখে এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল আন্তর্জাতিক মঞ্চ। নিরঞ্জন মন্ডল একজন বাঙালি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এই প্রথম কানের রেড কার্পেটে পা রাখলেন। তিনি  ধুতি, সাদা পাঞ্জাবি এবং কালো জহর কোট পরিধান করে নিজের মাটির সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিলেন। তাঁর চোখে ছিল সাবেকি ফ্রেমের চশমা এবং হাতে ঠাকুরদার আমলের ভিন্টেজ হাতঘড়ি। আন্তর্জাতিক মিডিয়ার ক্যামেরার ঝলকানি ও ভিড়ের মাঝে প্রথমে খানিকটা নার্ভাস লাগলেও, নিরঞ্জন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ঐতিহ্য নিয়ে রেড কার্পেটে দাপিয়ে বেড়ান। পরে বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর হাতের পুরনো ঘড়ি এবং এই পোশাকের পেছনের আবেগ ও বাঙালি সংস্কৃতির মর্ম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন।

তিনি জানান, এই পোশাক তাঁর কাছে অন্য যে কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডের চেয়ে অনেক বেশি মূল্যবান। সমাজমাধ্যমে ইতিমধ্যেই আপামর বাঙালি তাঁর এই কৃতিত্বে গর্বে বুক ফুলিয়েছেন। আলু-ফুলকপির মজাদার গল্প বা ‘মিষ্টি বাপী’ সিরিজের মাধ্যমে পরিচিতি লাভ করা লাফটারসেনের এই বাঙালিয়ানা তাঁকে দেশবাসীর কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।