কলকাতা থেকে ভুটান যাত্রা আরও সহজ! চালু হল বিলাসবহুল নতুন বাস পরিষেবা, জানুন ভাড়া ও সময়সূচি

কলকাতা থেকে ভুটান যেতে আর চিন্তা নেই! চালু হল নতুন বিলাসবহুল বাস পরিষেবা। জানুন সময়সূচি, ভাড়া ও বাসের বিশেষ সুবিধা।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ বাসযাত্রীদের জন্য সুখবর! এবার কলকাতা থেকে ভুটান ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক হতে চলেছে। সম্প্রতি একটি বেসরকারি বাস সংস্থা কলকাতা থেকে ভুটান বর্ডার জয়গাঁ পর্যন্ত নতুন বিলাসবহুল বাস পরিষেবা চালু করেছে। ট্রেন বা বিমানের উচ্চ ভাড়ার চিন্তা না করে এবার বাসে করেই বিদেশ ভ্রমণের সুযোগ মিলছে।

জানা গিয়েছে, ‘রায়পুর ক্রুজার’ নামক এই বেসরকারি সংস্থাটি কলকাতার সাঁতরাগাছি থেকে ভুটানগামী এই ঝাঁ চকচকে বাস পরিষেবা শুরু করেছে। বাসটি সাঁতরাগাছি থেকে প্রতিদিন বিকেল ৪:৩০ মিনিটে যাত্রা শুরু করবে। যাত্রীদের সুবিধার জন্য রবীন্দ্র সদন, এসপ্ল্যানেড, শিয়ালদা রাজাবাজার, মানিকতলা সহ একাধিক বোর্ডিং পয়েন্টের ব্যবস্থা রাখা হয়েছে, যেখান থেকে যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী বাসে উঠতে পারবেন। এই নতুন বাস পরিষেবাটি ১৭ ঘণ্টারও বেশি সময়ে যাত্রীদের ভুটান বর্ডার জয়গাঁতে পৌঁছে দেবে। বাসের আরামদায়ক পরিবেশ এতটাই প্রিমিয়াম যে মনে হবে যেন বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন।

ভাড়ার ক্ষেত্রে, কলকাতা থেকে ভুটান যেতে এসি বাসে মাথাপিছু খরচ পড়বে ২৬৯৯ টাকা। এই বাসটি সম্পূর্ণ স্লিপার হওয়ায় যাত্রীরা শুয়ে বসে আরামে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন। এছাড়াও, দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের সুবিধার জন্য বাসের মধ্যেই রয়েছে বাথরুমের সুব্যবস্থা। ফলে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বারবার বাস থামানোর প্রয়োজন পড়বে না এবং মন ভরে জল পান করা যাবে। এই গরমে ভুটানের মনোরম পরিবেশে ছুটি কাটাতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি একটি দারুণ সুযোগ, যা খরচ এবং আরামের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক।