ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ দক্ষিণবঙ্গে যখন তীব্র গরমে নাজেহাল অবস্থা, তখন উত্তরবঙ্গ ভিজছে টানা বৃষ্টিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার ফলে আবহাওয়ায় এই বৈপরীত্য।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দু-একটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যা সামান্যই। আগামী ১৯ মে-র মধ্যে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দিনের বেলায় মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না। আগামী দু’দিন আবহাওয়া একই রকম থাকলেও, আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায়।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।










