ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি স্কুলগুলিতে এবার থেকে জাতীয় গান বন্দে মাতরম বাধ্যতামূলক করা হল। রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে স্কুলের প্রাতঃকালীন প্রার্থনায় ছাত্রছাত্রীদের এই গান গাইতে হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলগুলিও। তবে, তারা জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-কেও সমান গুরুত্ব দেওয়ার আবেদন জানিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন বন্দে মাতরম বাধ্যতামূলক ছিল না। কিন্তু সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে, এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং গর্ববোধ বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে এই
সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে এই নিয়ম কার্যকর হবে। বন্দে মাতরম গানটি একজন বাঙালির লেখা, যা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসও এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।
অন্যদিকে, কংগ্রেস ও সিপিআইএম-এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরমকে স্বাগত জানাচ্ছে। তবে, তাদেরও একই আবেদন, জাতীয় সঙ্গীত জনগণমনকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের একাংশও সরকারি স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।










