ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রথম পদক্ষেপ দেখা গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১০০ দিনের কাজ প্রকল্পে স্বচ্ছতা আনতে তিন সপ্তাহের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদী ‘ডবল ইঞ্জিন’ সরকারের কথা বললেও, এবারই প্রথম বাংলায় বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। গত পাঁচ বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল, যার কারণ হিসেবে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।
এখন ‘ভিবি রাম জি’ (বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজ অ্যান্ড আজীবিকা মিশন – গ্রামীণ) নামে পরিচিত এই প্রকল্পে কাজ শুরুর আগে শুভেন্দু সরকার কড়া নির্দেশ জারি করেছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সমস্ত শ্রমিকের ই-কেওয়াইসি, আধার সিডিং এবং আধার অথেনটিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকারের লক্ষ্য, গরিব শ্রমিকদের মজুরি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া এবং ভুয়ো জব কার্ডের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা। ১৪ মে ২০২৬ পর্যন্ত রাজ্যে ৬৮.৮৫ শতাংশ ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে, তবে বাকিদের দ্রুত এই প্রক্রিয়ার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের এই কাজে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।










