[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল-এর একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন খনি কর্মী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বৃহস্পতিবার ফার্স্ট শিফটে কুনুস্টুডিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার কাজ চলার সময় আচমকাই খনির একটি স্তর থেকে এয়ার ব্লাস্ট হয়। বিস্ফোরণের তীব্রতায় খনির অভ্যন্তরে থাকা শ্রমিকরা ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন খনির পদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। আহত শ্রমিকদের মধ্যে অধিকাংশকে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে ইসিএল-এর অন্যান্য হাসপাতালে। নিহত শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি, তবে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই প্রাণঘাতী ঘটনায় খনি শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবকেই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করে তাঁরা বিক্ষোভ শুরু করেছেন।

আন্দোলনকারীদের দাবি, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও এই বিষয়ে খনি কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে ইসিএল সূত্রে খবর। এই দুর্ঘটনা আবারও খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর