ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ মঙ্গলবার তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে বুধবার বিকেলে ওই এলাকায় পৌঁছল কলকাতা পুরসভার বুলডোজার। প্রশাসনের কাজে যাতে কোনও বাধা না আসে, তার জন্য গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে দু’জনের মৃত্যু হয় ও তিনজন আহত হন। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানান, কারখানাটি সম্পূর্ণ অবৈধ ছিল এবং এর কোনও বিল্ডিং প্ল্যান ছিল না। তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্যে কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুর ও নগরোন্নয়ন সচিবকে একদিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিল্ডিং প্ল্যান স্যাংশন না থাকলে তিলজলা, কসবা, মোমিনপুর, একবালপুর-সহ বিভিন্ন এলাকার অবৈধ কারখানাগুলির দ্রুত ইন্টারনাল অডিট হবে। বিদ্যুৎ ও জলের কানেকশনও কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, এই বিষয়ে পুর কমিশনারের অফিস থেকে তাঁকে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপের পর শহরজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে।









