ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ রাজ্যজুড়ে যান চলাচল সুগম করতে এবং বেআইনি কর আদায় রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করে অবিলম্বে সমস্ত অবৈধ টোল গেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, জেলাগুলিতে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে সমস্ত টোল গেট চলছে, সেগুলিকে অবিলম্বে চিহ্নিত করে বন্ধ করতে হবে। এই দায়িত্ব সংশ্লিষ্ট জেলাশাসকদের উপর ন্যস্ত করা হয়েছে। জেলাশাসকদের নিজ নিজ এলাকায় এই ধরনের অবৈধ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, জেলার সমস্ত বৈধ ও অবৈধ আদায় কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। এই তালিকায় টেন্ডারের মেয়াদ এবং আদায়কারী কর্তৃপক্ষের নাম থাকা বাধ্যতামূলক। আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে এই তালিকা আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, অবৈধ কেন্দ্রে কোনও প্রকার ফি বা শুল্ক আদায় করা আইনত দণ্ডনীয় এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। যদি এই নির্দেশ পালনে কোনও প্রকারের গাফিলতি লক্ষ্য করা যায়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই কড়া অবস্থানে রাজ্যজুড়ে বেআইনি টোল আদায় বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।









