ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ আইপিএল ২০২৬-এর অন্তিম লগ্নে এসে চোটের ধাক্কায় বেসামাল চেন্নাই সুপার কিংস। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোটের কারণে বারবার স্কোয়াডে বদল আনতে হচ্ছে। এবার ডান পায়ের হাড়ে ফ্র্যাকচারের কারণে বাকি মরসুম থেকে ছিটকে গেলেন তরুণ অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ। তাঁর বদলি হিসেবে কর্নাটকের প্রতিশ্রুতিমান অলরাউন্ডার ম্যাকনিল হ্যাডলি নরোনহাকে দলে নিল সিএসকে।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের কাছে অনুমোদনের জন্য ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে এবং ফ্র্যাঞ্চাইজি সিইও কাশী বিশ্বনাথন এই খবরের সত্যতা স্বীকার করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক ম্যাচেই চোট পান রামকৃষ্ণ। ডান পায়ের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ায় তিনি আর খেলতে পারবেন না। এই মরসুমে সিএসকের চোটের তালিকা দীর্ঘ। নাথান এলিস, স্পেনসার জনসন, খলিল আহমেদ এবং আয়ুষ মাত্রের মতো তারকারা ইতিমধ্যেই চোটের কবলে।
এমনকি, অধিনায়ক এমএস ধোনিও কাফ স্ট্রেন নিয়ে খেলছেন। ২৪ বছর বয়সী ম্যাকনিল নরোনহা গত মরসুমে মহারাজা ট্রফিতে ম্যাঙ্গালুরু ড্রাগনসের হয়ে নজর কেড়েছিলেন। ১৩ ম্যাচে ২৫৩ রান করার পাশাপাশি অফস্পিনে ১০টি উইকেটও তুলে নেন তিনি। তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্নাটক দলেও সুযোগ পান। চেন্নাইয়ের বর্তমান পরিস্থিতিতে ম্যাকনিলের মতো ব্যাট-বল দুই বিভাগেই কার্যকরী একজন ক্রিকেটারকে দলে পাওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লিগ পর্বে এখনও তিনটি ম্যাচ বাকি, প্লে-অফের দৌড় কঠিন হলেও দল গুছিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে চেন্নাই।










