ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: ফের একবার কাঠগড়ায় এসএসকেএম

কথায় আছে ‘মা ছাড়া পৃথিবী অন্ধকার’। আর সেই মাকে হারানোর দুঃখে কান্নায় ভেঙে পড়লেন তাঁর মেয়ে। মায়ের মৃত্যুর জন্য কাঠগড়ায় দাড় করানো হলো রাজ্যের সেরা সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম- কে। হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বৃদ্ধাকে ভর্তি করতে গেলে নানা টালবাহানা শুরু করে ওই হাসপাতাল! সময় মতো সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ফলে বৃদ্ধার মৃত্যুতে আবারও একবার কাঠগড়ায় এসএসকেএম। সূত্রের খবর, গতকাল রাতে উলুবেড়িয়া থেকে আকলিমা বেগম নামে ওই বৃদ্ধাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়, বেড নেই। ওই কথা শুনে রোগীকে নিয়ে চিত্তরঞ্জন হাসপাতালে ছোটেন পরিজনরা। সেখানেও বেডের অভাব। ফলে রোগীকে ফের ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। সেখানেই রাতভর অপেক্ষা করতে হয়। অবশেষে মৃত্যু হয় ওই বৃদ্ধার।

বস্তি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই বৃদ্ধার মেয়ে জানান, গতকাল মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল। তাই রাতেই মাকে এসএসকেএম-এ নিয়ে আসি। এখানে ইকো, ইসিজি করানো হয়। তারপর ভর্তি করানোর কথা বলা হয়। যখন ভর্তি করাতে যাই, তখন তাঁরা বলে বেড খালি নেই। এরপর মাকে চিত্তরঞ্জনে নিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে ওরা বলল বেড নেই, অন্য কোথাও নিয়ে যাও। তারপর আবার মাকে এখানে ফিরিয়ে নিয়ে আসি। এখানে বলা হল কাল ১২টা পর্যন্ত বসে থাকো। সকালে পরীক্ষা করে দেখে রোগী ভালো আছে বলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার পরেই সব শেষ হয়ে গেলো।

পরিবার সুত্রে জানা গিয়েছে, সারারাত এসএসকেএমে থাকার পর দুপুর দুটো নাগাদ আকলিমা বেগমের খিঁচুনি শুরু হয়। তখন তাঁকে একপ্রকার কাঁধে নিয়েই কার্ডিওলজি বিভাগের দিকে দৌড় দেন আত্মীয়রা। সেখানে পৌঁছানোর পরে তাঁর আত্মীয়রা জানতে পারেন আকলিমার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বুকে পেসমেকার বসানো ছিল আকলিমার। যদি ঠিক সময়ে ভর্তি নেওয়া হত তাহলে হয়তো বেঁচে যেতে সে। ইভিএম নিউজ


















