ব্যুরো নিউজ, ১২ ফেব্রুয়ারী ২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশজুড়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। নির্বাচনী উত্তেজনার আড়ালে গত কয়েকদিনে ময়মনসিংহ ও মৌলভীবাজারে পৃথক দুটি ঘটনায় এক প্রবীণ ব্যবসায়ী এবং এক তরুণ চা শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ময়মনসিংহে চাল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকারকে দোকানের ভেতর কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই মৌলভীবাজারে রতন শুভ কর নামের এক যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে সংখ্যালঘুদের টার্গেট করে এই ক্রমবর্ধমান সহিংসতা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ময়মনসিংহ জেলায় সুশেন চন্দ্র সরকার (৬২) নামে এক হিন্দু চাল ব্যবসায়ীকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে ত্রিশাল উপজেলার বগার বাজার মোড়ে নিজ দোকানের ভেতরেই তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, ঘাতকরা সুশেন চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর দোকানের শাটার বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে বন্ধ দোকানের ভেতর থেকে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করেন। নিহত সুশেন চন্দ্র দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় “ভাই ভাই এন্টারপ্রাইজ”-এর মালিক ছিলেন। উল্লেখ্য, এই জেলাতেই কিছুদিন আগে দিপু চন্দ্র দাস নামে অপর এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনা ঘটেছিল।
Bangladesh : নওগাঁ থেকে যশোর: ওপার বাংলায় অব্যাহত সংখ্যালঘু নির্যাতন, বাড়ছে মৃত্যুমিছিল।
মৌলভীবাজারে চা শ্রমিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
অন্যদিকে, নির্বাচনের ঠিক আগের দিন বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে রতন শুভ কর (২৮) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাম্পারায় চা বাগানের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা বাগানের ভেতর রতনের হাত-পা বাঁধা এবং রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের বড় ভাই লক্ষ্মণ কর জানান, আগের রাত থেকেই রতন নিখোঁজ ছিলেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
Bangladesh : পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা: বাংলাদেশে এক মাসে চার হিন্দু নিধন
আতঙ্ক ও বৈশ্বিক উদ্বেগ
নির্বাচন ঘিরে বাংলাদেশে সংখ্যালঘু নিধনের এই নতুন জোয়ার আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে। মানবাধিকার কর্মীদের মতে, তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন এবং ভূ-রাজনৈতিক ইস্যুর আড়ালে সংখ্যালঘু নিধনকে ঢেকে ফেলার চেষ্টা চলছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন এই পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে। তবে বিশ্বমঞ্চে এই হিন্দু নিধনের এই হত্যালিলার প্রতিবাদে কোনও হেলদোল নেই !
প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও নির্বাচনী উত্তেজনার মাঝে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


















